নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় খুলনা বিভাগজুড়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭টি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের বিভিন্ন জেলা কার্যালয়ের পাঁচটি তদারকি দল বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় চাল, ভোজ্য তেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেন্টার, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়।
অভিযানে খুলনার বড়বাজারে দুটি পৃথক টিম খাজা ট্রেডিং, দুলাল স্টোর এবং মা বাবার দোয়া এন্টারপ্রাইজকে মোট ১২ হাজার টাকা জরিমানা করে। এছাড়া কুষ্টিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, বাগেরহাটে দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা এবং সাতক্ষীরায় একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা ভোক্তা অধিকারবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
এফপি/ফ