মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমনের চালক ও হেলপার নিহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার হাঁসাড়া-বাড়ৈখালী সড়কের লস্করপুর চকেরপাড়া নতুন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের মদনখালী এলাকার আইয়ুবের ছেলে মজনু (৩০) এবং বাড়িখাড়া মুনিপাড়া গ্রামের সাধন চন্দ্রের ছেলে দুলাল চন্দ্র (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ৈখালী থেকে ছেড়ে আসা বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের চালক মজনু ও হেলপার দুলাল চন্দ্র গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত দুলাল চন্দ্রের ভাই স্বপণ জানান, সাপ্তাহিক শিবরামপুর হাট থেকে কাঠ নিয়ে মজনুর সঙ্গে দুলাল হাঁসাড়ায় যান। সেখানে কাঠ নামিয়ে বাড়ি ফেরার পথে দ্রুতগতির বৈশাখী পরিবহনের বাসটি নসিমনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর বাসটির চালক ঘটনাস্থল থেকে দ্রুত বাসটি নিয়ে ঢাকার দিকে পালিয়ে যান।
শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, নিহতদের মরদেহ পুলিশের কাছে রয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হবে।
এফপি/ফ