পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখার অভিযোগে এক ফার্মেসী মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের গাজীপুরা এলাকায় অবস্থিত নেছার ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ফার্মেসিতে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ওষুধগুলোর মেয়াদ যাচাই করে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে সংশ্লিষ্ট আইনে ফার্মেসির মালিক ফিরোজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব ওষুধ সেবনে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটার পাশাপাশি বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে। তাই জনস্বাস্থ্য রক্ষায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, বিক্রি কিংবা বাজারজাতকরণের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
এ সময় তারা ফার্মেসি মালিকদের প্রতি ওষুধ বিক্রির আগে প্রতিটি ওষুধের মেয়াদ সতর্কতার সঙ্গে যাচাই করার আহ্বান জানান। পাশাপাশি ওষুধের সঠিক সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত অপসারণ এবং প্রচলিত আইন ও বিধিমালা মেনে ফার্মেসি পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন ফার্মেসি ও ওষুধের দোকানে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/ফ