কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার ৩০০ টাকা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ৬৪ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল উখিয়া উপজেলার আনজুমানপাড়া সুইচ গেট এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কয়েকজন ব্যক্তিকে বেড়িবাঁধের ওপর দিয়ে বস্তা বহন করতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা বস্তাগুলো ফেলে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। তবে অন্য কয়েকজন অন্ধকার ও জলপথ ব্যবহার করে পালিয়ে যেতে সক্ষম হন।
আটক ব্যক্তিরা হলেন— মো. একরাম (২৭), মো. আয়েচ (২৪), মো. সাবেদ (১৬) এবং মো. সাবেদ (২১)। তারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৩ বস্তা বাংলাদেশি ইউরিয়া সার জব্দ করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ পণ্য উদ্ধার করা যায়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত দিয়ে সার, জ্বালানি তেলসহ অন্যান্য বাংলাদেশি পণ্যের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, “সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় অবৈধ পাচার রোধে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন।”
এফপি/র