Dhaka, Thursday | 16 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী কে এই সেরহি কোরেৎসকি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৬:৫২ পিএম  (ভিজিটর : ১১)

যুদ্ধকালীন সময়ে ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির শীর্ষ জ্বালানি খাতের কর্মকর্তা সেরহি কোরেৎসকি। তার নিয়োগ অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত বড় ধরনের মন্ত্রিসভা পুনর্বিন্যাসের অংশ হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়, কোরেৎস্কি হলেন যুদ্ধ শুরুর পর ইউক্রেনের তৃতীয় প্রধানমন্ত্রী। এর আগে দেশটির সরকার পরিচালনায় থাকা দুই প্রধানমন্ত্রীর পর তিনি এখন যুদ্ধকালীন ইউক্রেনকে সামলানোর দায়িত্ব পেলেন।

সরকারি দায়িত্বে প্রথমবার

৪৮ বছর বয়সী কোরেৎস্কি পেশায় একজন প্রকৌশলী ও অর্থনীতিবিদ। এর আগে তিনি কখনও সরকারি পদে দায়িত্ব পালন করেননি এবং কোনও রাজনৈতিক দলের সঙ্গেও তার সরাসরি সম্পৃক্ততা নেই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই নিরপেক্ষ অবস্থানই প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে সুবিধা তৈরি করেছে। ইউক্রেনের পেন্টা থিংক ট্যাংকের পরিচালক ভলোদিমির ফেসেঙ্কো বলেন, একজন দক্ষ ব্যবস্থাপক হিসেবে পরিচিত এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ হওয়ায় কোরেৎস্কির দায়িত্ব পালন সহজ হবে।

জ্বালানি খাতে দুই দশকের অভিজ্ঞতা

কোরেৎস্কি ইউক্রেনের জ্বালানি খাতে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন। তেল উৎপাদন, পরিশোধন, জ্বালানি সরবরাহ, পাইকারি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক অর্থায়নে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

২০২৫ সালের মে মাস থেকে তিনি ইউক্রেনের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাফতোগাজের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিষ্ঠানটি দেশটির গ্যাস উৎপাদন, আমদানি ও সরবরাহ ব্যবস্থার বড় অংশ নিয়ন্ত্রণ করে। এর আগে তিনি ইউক্রেনের বৃহত্তম তেল কোম্পানি ইউক্রনাফতার প্রধান ছিলেন, যা নাফতোগাজ গ্রুপের একটি প্রতিষ্ঠান।

রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠানে যোগ দেওয়ার আগে কোরেৎস্কি ওয়েস্টার্ন অয়েল গ্রুপ, কন্টিনিউম গ্রুপ এবং ইউক্রেনের বড় জ্বালানি স্টেশন চেইন ডব্লিউওজির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লুৎস্কে জন্ম নেওয়া কোরেৎস্কি ব্যবসা খাতেও যুক্ত ছিলেন এবং একটি কফি চেইন ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন।

আগামী শীত মোকাবিলা প্রধান চ্যালেঞ্জ

প্রধানমন্ত্রী হিসেবে কোরেৎস্কির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো রক্ষা এবং আসন্ন শীতের প্রস্তুতি নেওয়া। গত শীতে রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। চলমান রুশ হামলার মধ্যে এবারও দেশটির জ্বালানি ব্যবস্থা বড় চাপের মুখে রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, নতুন সরকারের প্রধান অগ্রাধিকার হবে শীতকাল মোকাবিলার প্রস্তুতি নিশ্চিত করা। পাশাপাশি রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রয়োজনীয় প্রতিরক্ষা সক্ষমতার ঘাটতিও মোকাবিলা করতে হবে নতুন সরকারকে।

এর আগে সরকারকে ঢেলে সাজাতে ইউলিয়া রিদেঙ্কোকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে অনুরোধ জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। এরই প্রেক্ষিতে পদত্যাগ করেন রিদেঙ্কো। মঙ্গলবার দেশটির পার্লামেন্ট তার পদত্যাগপত্র গ্রহণ করে। দায়িত্ব নেওয়ার পর কর্মকর্তাদের দুর্নীতি দমনে যথেষ্ট কঠোর পদক্ষেপ নিতে তিনি ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। 

এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝