মুন্সীগঞ্জ সদর উপজেলার নগর কসবা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের দায়ে দুটি ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (০৬ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মনিটরিং অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, অভিযান চলাকালে জনসেবা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করতে দেখা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. সাইদুর নুর কামালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে তিন্নি ড্রাগ হাউজে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির মালিক তপন রায়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় তাকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি দল।
এফপি/সা