Dhaka, Thursday | 2 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 2 July 2026 | English
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
এইচএসসি পরীক্ষায় অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ
শিরোনাম:

টেকনাফে ভারী অস্ত্র ও মাদকের বড় চালান জব্দ, ধরা পড়েনি পাচারকারীরা

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:০৮ পিএম  (ভিজিটর : ২৮)

কক্সবাজারের টেকনাফে পাচারের সময় আবারও ভারী অস্ত্র ও মাদকের বড় চালান জব্দ করেছে বিজিবি। গত এক বছরে মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে মাদক ও অস্ত্র পাচার বেড়েছে। আজ বৃহস্পতিবার ভোরে দুই কেজি আইস মাদক (ক্রিস্টাল মেথ) ও জি–থ্রি রাইফেলের মতো ভারী অস্ত্র জব্দ করেছেন বিজিবির সদস্যরা। তবে এ ঘটনায় পালিয়ে গেছে পাচারকারীরা।

আজ বেলা তিনটার দিকে টেকনাফ–২ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি টহল দল গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ডেইল পাড়া ও মুন্ডার ডেইল এলাকায় অবস্থান নেয়। আজ ভোর চারটার দিকে একটি ইজিবাইককে মেরিন ড্রাইভের অস্থায়ী চেকপোস্টে থামার সংকেত দেন বিজিবির সদস্যরা। এ সময় ইজিবাইকে থাকা ব্যক্তিরা গাড়িটি ঘটনাস্থলে ফেলে দৌড়ে পালান।

পরে ইজিবাইকে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় দুই কেজি আইস মাদক উদ্ধার করা হয়। এ ছাড়া ইজিবাইকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি জি-থ্রি রাইফেল, একটি দেশে তৈরি এলজি, জি-থ্রি রাইফেলের ম্যাগাজিন একটি এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জব্দ মালামালের বাজারমূল্য ১০ কোটি ৪ লাখ ৯ হাজার ১০০ টাকা।

টেকনাফ–২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত রাখা হয়েছে। তিনি জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, ইজিবাইক ও অন্যান্য মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সীমান্তে নিয়োজিত বাহিনী বিজিবির তথ্য বলছে, চলতি বছরে মাদক উদ্ধারের পরিমাণ আগের তুলনায় বেড়েছে। তবে অভিযানে মাঠপর্যায়ের মাদক কারবারিরা ধরা পড়লেও মূল হোতাদের আটক করা সম্ভব হচ্ছে না। বিজিবি জানায়, ২০২৫ সালে সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ১ কোটি ৪৩ লাখ ৯২ হাজার ৯৯৩টি ইয়াবা বড়ি উদ্ধার করেন, যার আনুমানিক মূল্য ৪৩২ কোটি টাকা। তবে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত প্রথম ছয় মাসেই উদ্ধার করা হয়েছে ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ৫০৩টি ইয়াবা বড়ি, যার বাজারমূল্য প্রায় ৩১৭ কোটি টাকা। ২০২৫ সালে মাদকসহ ৭৮৪ জনকে গ্রেপ্তার করে বিজিবি। চলতি বছরের প্রথম ছয় মাসে গ্রেপ্তার হয়েছেন ৪৩৮ জন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝