মুন্সীগঞ্জে আধুনিক (স্লটার হাউজ) কসাইখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সিরহাট এলাকায় ওই কসাইখানার উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন। এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পরিষদ প্রশাসক এ কে এম ইরাদত মানু ও পৌরসভার প্রশাসক মৌসুমি মাহবুব।
মুন্সীগঞ্জ পৌরসভার উদ্যোগে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ওই আধুনিক কসাইখানা। যেখানে আধুনিক প্রযুক্তির ব্যবহারে খুব দ্রুত সময়ে পশু জবাই শেষে স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রক্রিয়াকরণ এবং বর্জ্য ব্যবস্থাপনা করা সম্ভব।
আধুনিক প্রযুক্তির ওই কসাইখানায় প্রাণী গ্রহণ, স্বাস্থ্য পরীক্ষা, নির্ধারিত নিয়মে জবাই এবং পরিষ্কার-পরিচ্ছন্ন উপায়ে মাংস প্রস্তুত করার প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এফপি/অ