ত্যাগ, আত্মসমর্পণ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বার্তা নিয়ে আজ বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হচ্ছে। মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে বইছে উৎসবের আমেজ।
ঈদের নামাজ শেষে মুসলমানরা আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু জবাই করবেন। এই উৎসবের সঙ্গে পবিত্র হজের একটি গভীর সংযোগ রয়েছে। গত মঙ্গলবার মক্কার নিকটবর্তী আরাফাতের প্রান্তরে একত্রিত হয়ে বিশ্বের লাখ লাখ হাজি হজের মূল আনুষ্ঠানিকতা পালন করেছেন।
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।পৃথক বাণীতে তারা দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদুল আজহার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন। ঈদ উপলক্ষে সরকারি ছুটি চলছে। ইতোমধ্যে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ।
সড়ক, রেল ও নৌপথে ঘরমুখো মানুষের চাপ থাকলেও এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর প্রতি সহমর্মিতা, সৌহার্দ্য ও ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ধর্মীয় ও সামাজিক ব্যক্তিরা।