মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলার দুই আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১মে) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, শ্রীমঙ্গল থানার হত্যা মামলা নং-০৯, তারিখ ১০/০৫/২০২৬ এর এজাহারভুক্ত দুই আসামি পরেশ নায়েক (৬৩) ও ভুট্টু সাওতাল (৬৫)-কে গ্রেফতার করা হয়েছে।
তারা উভয়েই শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগান এলাকার বাসিন্দা।
উল্লেখ্য, গত ৯ মে দুপুরে রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগানের একটি ডোবা থেকে আবিদ আলী (৬০) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে, পৃথক আরেক অভিযানে শাপলাবাগ রেল কলোনি এলাকার ঘটনায় অভিযুক্ত রাকিব মিয়া ওরফে রাজিব মিয়া (১৯)-কে সকালে শাপলাবাগ রেল কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এছাড়াও বিভিন্ন ওয়ারেন্ট ও মামলায় আরও তিনজনকে আটক করা হয়েছে। সবমিলিয়ে মোট ৬ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এফপি/জেএস