সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভারী বৃষ্টি ও সম্ভাব্য আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান। সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মহিবুল ইসলাম।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান বলেন, হাওরের ধান কাটার বিষয়টি নিয়েই প্রশাসন সবচেয়ে বেশি উদ্বিগ্ন। এজন্য বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, প্রতিদিন উপজেলার প্রায় সব হাওর পরিদর্শন করা হচ্ছে এবং দ্রুত ধান কাটার জন্য বিভিন্নভাবে প্রচারণা চালানো হচ্ছে। ইতোমধ্যে হাওরের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসনের সার্বিক প্রস্তুতি রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, উপজেলা পাউবো প্রকৌশলী গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জান, উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ আলী হায়দার, উপজেলা এলজিইডি প্রকৌশলী রজত কান্তি দাশ, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন মিয়া, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, বিএনপি নেতা আশিকুর রহমান আশিক, এনজিও সংস্থা ইরা'র প্রতিনিধি মোহাম্মদ বদরুজ্জামান রনিসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।
সভায় বক্তারা সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে আগাম প্রস্তুতি গ্রহণ, কৃষকদের সহায়তা এবং দ্রুত ধান কাটার ওপর গুরুত্বারোপ করেন।
এফপি/জেএস