সারা দেশের ন্যায় নওগাঁর মান্দায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বিজয়পুর সূর্যসেনা ফোরাম (মহিলা সংগঠন) চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার শরিফুল ইসলাম, মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ কনসালটেন্ট ডা. মো. শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (এমওডিসি) ডা. জয়নাল আবেদীন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর অলিভ গোবিন্দ, পরিসংখ্যান কর্মকর্তা মাহফুজুর রহমান ও স্বাস্থ্য পরিদর্শক হারেজ আলী প্রমুখ।
উদ্বোধনকালে স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম বলেন, মান্দা উপজেলায় ২৮ হাজার ৭২৮ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এ টিকার আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, শিশুরা বর্তমানে হাম রোগে আক্রান্ত হওয়ার এবং গুরুতর জটিলতায় ভোগার ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং পুষ্টির ঘাটতির কারণে এ ঝুঁকি বেশি থাকে। তাই ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় এই কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে।
এফপি/জেএস