দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে (২০ এপ্রিল) সোমবার থেকে দেশব্যাপী জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ব্যাপক পরিসরে টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
নেছারাবাদ উপজেলায় মোট ২২ হাজার ৯৭৩ জন শিশুকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। আজ সকালে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন ইউএনও অমিত দত্ত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জানান, ২০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। তিনি আরও বলেন, পূর্বে টিকা গ্রহণ করেছে কি না—তা নির্বিশেষে সকল শিশুই এ টিকা গ্রহণের আওতাভুক্ত থাকবে।
কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম ৮ দিন অস্থায়ী টিকাদান কেন্দ্র (ইপিআই) থেকে টিকা প্রদান করা হবে। পরবর্তী ৩ দিন উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসায় এ কার্যক্রম পরিচালিত হবে।
এফপি/জেএস