বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর লালবাগে মো. আশরাফুল ওরফে ফাহিম নামে এক যুবককে গুলি করে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর ২ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হয়।
আদালত সূত্র জানায়, দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে আদালত প্রাঙ্গণে আনা হলে প্রথমে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহসীন উদ্দীন তার দুই দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে ভোরে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এন এম নাসির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক আত্মীয়ের বাসা থেকে শিরীন শারমিনকে হেফাজতে নেয়া হয়।
এফপি/অ