ব্রাহ্মণবাড়িয়ায় হামের উপসর্গ নিয়ে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত ৫১ জন বিভিন্ন বয়সী শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৭ জনের শরীরে হাম শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।
শনিবার (৪ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানে ২৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জন শিশু ভর্তি হয়েছে। হামের উপসর্গ থাকা রোগীদের জন্য হাসপাতালে আলাদা একটি আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে, যেখানে তাদের পৃথকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে সরেজমিনে দেখা গেছে, আইসোলেশন ওয়ার্ডে ১০টি শয্যার বিপরীতে ২৭ জন রোগী ভর্তি থাকায় অধিকাংশ শিশুকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। গরমের মধ্যে এভাবে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির কথা জানিয়েছেন অভিভাবকরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগ নির্ণয়ের জন্য রোগীদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে। পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে আক্রান্তরা হাম রোগে ভুগছে কি না। এদিকে উপসর্গ নিয়ে ভর্তি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হচ্ছে এবং পর্যাপ্ত পানি পান করানোর পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি শিশুরোগ বিশেষজ্ঞরা রোগের অবস্থা অনুযায়ী চিকিৎসা প্রদান করছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আক্তার হোসেন জানান, বর্তমানে ২৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের জন্য পৃথক আইসোলেশন ব্যবস্থা করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এফপি/জেএস