রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাস ট্রাজেডিতে আরো দুইটি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এ নিয়ে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা দাঁড়ালো ২৬ টি। এর আগে বৃহস্পতিবার ভোর রাত ৫ পর্যন্ত ২৩ টি লাশ উদ্ধার করেন উদ্ধার কর্মীরা।
আজ নতুন করে তিনটি মরদেহের মধ্যে সকাল সাড়ে ৯ টার দিকে উদ্ধার করা হয় উজ্জ্বল খান (৩০) নামের এক ব্যাক্তিকে। তিনি রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রামের মজনু খানের ছেলে এবং সকাল সাড়ে ১০ টার দিকে উদ্ধার করা হয় আশরাফুল (৩৫) নামে এক যুবকের মরদেহ। তিনি কালুখালি উপজেলার বেলগাছি গ্রামের মোঃ আফসারের ছেলে।
এছাড়া দুপুর ১১টার দিকে মোঃ জাহাঙ্গীর আলম (৫০)। তিনি কালুখালীর বোয়ালিয়া এলাকার মোঃ সানাউল্লাহ শেখের ছেলে।
এদিকে পদ্মা পাড়ে প্রিয়জনের লাশের অপেক্ষায় স্বজনদের ভিড় ক্রমেই বাড়ছে। তাদের আহাজারিতে ঘাট এলাকায় হৃদয় বিদারক পরিস্থিতি বিরাজ করছে।
এক একটি লাশ উদ্ধার হচ্ছিল এবং স্বজনরা তাকে সনাক্ত করতে হামলে পড়ছেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৫ জন ডুবুরি উদ্ধার অভিযানে কাজ করছে। সাথে স্হানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, উদ্ধার হওয়া ২৬ টি লাশের মধ্যে ২৪ টি লাশ ইতিমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর দুটি লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি।
এদিকে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বার বার হ্যান মাইকে পন্টুনে দাঁড়িয়ে বলছেন যদি কারো স্বজন নিখোঁজ থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করুন।
এফপি/অ