‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় তানোর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে প্রথমে একটি সচেতনতামূলক র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে তানোর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবেলায় করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রম ও প্রাথমিক করণীয় বিষয়গুলো প্রদর্শন করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। সভায় বক্তব্য দেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম এবং তানোর ফায়ার সার্ভিস স্টেশনের সাব-স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যান্যরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন ও কম্পিউটার অপারেটর শাকিলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবেলায় আয়োজিত বিভিন্ন ধরনের মহড়া প্রত্যক্ষ করেন।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন সময়ে সঠিকভাবে করণীয় নির্ধারণে সহায়তা করবে।
এফপি/জেএস