সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমেদাবাদ পয়েন্টে অবৈধভাবে পেট্রোল মজুদ করে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার ( ৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ।
অভিযানকালে আহমেদাবাদ পয়েন্টে অবস্থিত চৌধুরী ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মোঃ সোহেল চৌধুরী (৩৫), পিতা—মৃত গিয়াস চৌধুরী, গ্রাম আহমেদাবাদ, গৌরারং ইউনিয়ন, থানা ও জেলা সুনামগঞ্জ-এর দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় তার মুদির দোকানে পেট্রোল বিক্রির কোনো বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ১১ ব্যারেল পেট্রোল মজুদ রাখা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়।
পরে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত আসামিকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা এবং ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলেই জরিমানার অর্থ পরিশোধ করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানা ওসি রতন শেখ পিপিএম জানিয়েছেন অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এফপি/জেএস