কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও র্যাব। তবে অভিযানের সময় মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (৮ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে, সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালি জুম্মাপাড়া এলাকার কুখ্যাত মানবপাচারকারী মো. আব্দুল আলী এলজিইডি সড়ক সংলগ্ন একটি পেঁপে বাগানে আটকে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার ৮ মার্চ দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও র্যাবের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই পেঁপে বাগানে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে আটক করে রাখা নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এফপি/জেএস