ঐতিহ্যবাহী পাবনা জেলা আইনজীবী সমিতি–এর কার্যনির্বাহী পরিষদের এক বছর মেয়াদী নির্বাচন (১৬ ফেব্রুয়ারি) সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মোট ৪২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে— আব্দুল হামিদ–এহিয়া খান পরিষদ, মির্জা আজিজ–মলয় প্যানেল এবং খন্দকার মাসুদ–কাজী আলম পরিষদ।
সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত আব্দুল হামিদ–এহিয়া খান পরিষদে সভাপতি পদে আলহাজ্ব মো. আব্দুল হামিদ পি.কে. এবং সম্পাদক পদে মো. সুলতান মাহমুদ খান এহিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয়তাবাদী সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত মির্জা আজিজ–মলয় প্যানেলে সভাপতি পদে আলহাজ্ব মির্জা আজিজুর রহমান এবং সম্পাদক পদে মলয় কুমার দাস রায় প্রার্থী হয়েছেন।
অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত খন্দকার মাসুদ–কাজী আলম পরিষদে সভাপতি পদে খন্দকার মাকসুদুর রহমান মাসুদ এবং সম্পাদক পদে কাজী মাহবুবুল আলম (কাজী আলম) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আইনজীবীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, বেনাভোলেন্ট ফান্ড শক্তিশালী করা, বার ও বেঞ্চের সম্পর্ক উন্নয়ন এবং সমিতির অবকাঠামোগত উন্নয়নকে সামনে রেখে তিন প্যানেলই ভোটারদের সমর্থন কামনা করেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এফপি/জেএস