নওগার মান্দায় নির্বাচন পরবর্তী সময় ধানের শীষ ও দাঁড়িপাল্লায় ভোট দেওয়া ইস্যুকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে একটি ফার্নিচারের দোকান।
এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। (১৬ ফেব্রুয়ারি) সোমবার ভোরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের আন্দারিয়াপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানটির মালিক সাইদুর রহমান প্রামানিক। তিনি মৃত কলিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নির্বাচন পরবর্তী সময় ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া নিয়ে কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে দুর্বৃত্তরা গভীর রাতে সাইদুর রহমানের ফার্নিচারের দোকানে আগুন ধরিয়ে দেয়।
আগুনে দোকানে থাকা প্রায় দুই লাখ টাকার কাঠ, তিনটি বক্স খাটের ফ্রেম এবং দোকানঘরসহ প্রায় তিন লাখাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মান্দা থানার অফিসার ইনচার্জ কে এম মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এফপি/জেএস