“করব কাজ গড়বো দেশ সবার আগে কলাপাড়া” এ শ্লোাগনকে সামনে রেখে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন নির্বাচিত হলে যেসব কাজ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করার পরিকল্পনা করা হয়েছে তা উপস্থাপন করেন ব্যাচ ভিত্তিক সংগঠন টিম-৯১।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এসএসসি ৯১ ব্যাচের টিম ৯১'র আয়োজনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন টিম ৯১'র সদস্য মনিরুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।
টিম ৯১'র সমন্বয়ক মুশফিকুর রহমান বিশ্বাস লিটু'র সভাপতিত্বে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক লায়ন মনোয়ার হোসেন, সাবেক সভাপতি হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, টিম ৯১'র রুমি কাওসার প্রমুখ।
সাংবাদিকদের সাথে মতবিনিময়ের এই সভায় টিম-৯১' র উত্থাপিত পায়রা সমুদ্র বন্দরকে পুরোপুরি সচল, দেশি-বিদেশি বিনিয়োগে উৎসাহিত করার পাশাপাশি পায়রা বন্দরে শিল্প কলকারখানা স্থাপন, কুয়াকাটা পর্যটনকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র রূপান্তর করা, কলাপাড়ার অবকাঠামো ও সৌন্দর্য বৃদ্ধি করা, কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধর দুপাশে বৃক্ষ রোপণ এবং খাস জমিতে বনায়ন, কৃষি ব্যবস্থার উন্নয়ন, সবার জন্য চিকিৎসা, দক্ষ যুবশক্তি তৈরি, খাল খনন, শিক্ষা ব্যবস্থার জন্য পরিকল্পনা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা ইত্যাদি অগ্রাধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেন পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, টিম ৯১ যে ৩৭ দফা আগামীর উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন, বিএনপি ক্ষমতায় এলে তা অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, পায়রা বন্দরে ১৬ হাজার কোটি টাকা বিগত সরকার খরচ করেছে। কিন্তু বর্তমান সরকার পায়রাকে গুরুত্ব না দিয়ে মাদারবাড়ি নিয়ে ব্যস্ত। বিএনপি ক্ষমতায় এলে পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে।
তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সামুদ্রিক পানির উচ্চতা বাড়ছে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে কলাপাড়ায় কর্মরত গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও টিম ৯১'র সদস্যরা উপস্থিত ছিলেন।
এফপি/জেএস