মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে পাশের হাসপাতাল, ব্যাংকসহ আশপাশের দোকানপাট।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে লৌহজং ফায়ার স্টেশনে খবর আসে, উপজেলার মালির অংক বাজারে একটি তিনতলা ভবনের নিচতলার মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডের সময় ভবনজুড়ে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। ভবনের নিচতলায় মার্কেট এবং দ্বিতীয় তলায় একটি ইসলামি জেনারেল হাসপাতাল ও একটি ব্যাংকের শাখা অবস্থিত ছিল। এ সময় হাসপাতালে ভর্তি থাকা চারজন সিজারিয়ান রোগীসহ আবাসিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও দক্ষ পদক্ষেপে আগুন নিচতলার একটি কাপড়ের দোকানের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়। এতে হাসপাতাল, ব্যাংক এবং আশপাশের বহু দোকান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে আমির হোসেন বস্ত্রালয়ের কাপড় ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
এফপি/র