Dhaka, Saturday | 1 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 1 August 2026 | English
শিরোনাম:

পরাজিত শক্তির পুনরুত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১২:২৬ পিএম  (ভিজিটর : ৫৫)

পরাজিত শক্তির পুনরুত্থান ঘটলে দেশের কেউ নিরাপদ কিংবা স্থিতিশীল থাকতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, “একটি পরিকল্পিত সন্ত্রাসের আবহ তৈরি করে যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, তারা সফল হবেন না; বরং নিজেরাই সেই ঘোলা পানিতে পড়ে যাবেন। বিএনপি নির্বাচনের প্রাক্কালে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অত্যন্ত গুরুত্বের সাথে বাস্তবায়ন করে যাচ্ছে। দেশনায়ক তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ইতোমধ্যে বিভিন্ন জেলায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ চলছে। দ্রুতই হেলথ কার্ডের প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে।”

শুক্রবার বিকেলে নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদের মাল্টিপারপাস হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 'নজরুল বর্ষ ২০২৬-২৭' উদযাপন উপলক্ষ্যে এই আলোচনা সভা ও সংগীত সন্ধ্যার আয়োজন করে জেলা পরিষদ।

রুহুল কবির রিজভী আরও বলেন, “বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী দেশের খাল-বিল খনন কর্মসূচি শুরু হয়েছে। ঢাকা থেকে এ বিষয়ে জেলা প্রশাসনকে নিয়মিত তাগিদ দেওয়া হচ্ছে। এছাড়া বন্ধ হয়ে যাওয়া কল-কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার নীতির আলোকেই এসব জনকল্যাণমুখী কাজ বাস্তবায়িত হচ্ছে।”

বিরোধী দল ও সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “সরকারের নীতি বা কাজের যৌক্তিক সমালোচনা করার পূর্ণ স্বাধীনতা এখন সবার আছে। শেখ হাসিনার আমলের সেই 'সেলফ-সেন্সরশিপ' এখন আর নেই। তবে সমালোচনার নামে অপপ্রচার, মিথ্যাচার কিংবা চরিত্র হনন করবেন না। আপনারা মনে করছেন এতে বিএনপির ক্ষতি হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আপনারা নিজেদের জন্যই গর্ত খুঁড়ছেন। এর ফলে আপনাদের ওপরেই ভয়াবহ বিপদ ধেয়ে আসতে পারে।”

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি সাম্প্রতিক কিছু অরাজকতার প্রতি ইঙ্গিত করে বলেন, “একটি রাজনৈতিক দল দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও দলের জ্যেষ্ঠ নেতাদের উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় বক্তব্য দিচ্ছে। অথচ আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন যে, ৫ই আগস্টের আগে আওয়ামী লীগ যে প্রতিহিংসার রাজনীতি চালু করেছিল, বিএনপি তাতে বিশ্বাস করে না।”

হুইপ দুলু আরও বলেন, “১৭ বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে নাটোরের রাজপথ অসংখ্য মানুষের রক্তে রঞ্জিত হয়েছে। আমরা চাই না সেই ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠুক। যারা বর্তমান সরকার বা আমাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর কথা বলছেন, তাদের বিনীতভাবে সতর্ক করতে চাই—ফ্যাসিবাদ যদি আবার ফিরে আসে, তবে আপনারা-আমরা কেউ শান্তিতে বাস করতে পারব না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র আবার বিপন্ন হবে। তাই সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

জেলা পরিষদের এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝