ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কড়িকান্দি ফেরিঘাটে দুর্ঘটনার শিকার হন তিনি। শুক্রবার বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধের নাম মিয়াজ উদ্দিন (৬২), পিতা- জামাল উদ্দিন। তার বাড়ি নরসিংদী সদর উপজেলার ভৌকাদি গ্রামে।
উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালান। উদ্ধারকারী দলে ছিলেন নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের (নৌ) লিডার মো. হারুনুর রশীদ এর নের্তৃত্বে একটি এবং আড়াইহাজার ফায়ার স্টেশন, নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর মো. রুহুল আমিনের নেতৃত্বে একটি দলও সেখানে উপস্থিত ছিল।
তারা গতকাল থেকে ৭ ঘন্টা চেষ্টার পর আজ বিকেল ৪ টায় লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. হারুনুর রশীদ আক্ষেপ প্রকাশ করে বলেন, “ঘাটে কোনো লাইটিং বা লাইফ জ্যাকেটের ব্যবস্থা নেই, যা চরম ঝুঁকিপূর্ণ।”
বাঞ্ছারামপুর মডেল থানা ও নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া, নারায়নগঞ্জ, নরসিংদী ও কুমিল্লা জেলার প্রায় ১২ উপজেলার যাতায়াত এই ফেরীঘাট দিয়ে।
পর্যাপ্ত আলো স্বল্পতা, যাত্রী ছাউনি দখল করে দোকান দেয়ার কারনে যাত্রীরা ছাউনিতে বসতে না পারা, অব্যবস্থাপনা ও গাফিলতির কারনে প্রায়ই কড়িকান্দি ফেরীঘাটে দূর্ঘটনার বিষয়টি আবারো প্রকাশ্যে এসেছে।
এফপি/ফ