বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পরীক্ষা দিতে না পেরে তারা এ ক্ষোভ প্রকাশ করেন। এ বছর মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজ থেকে তিন বিভাগে মোট ৬০০ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, প্রায় দুই মাস আগে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর অতিরিক্ত টাকার বিনিময়ে তাদের ফরম পূরণ করে দেয়ার আশ্বাস দেন কলেজের অফিস সহকারী (কম্পিউটার অপারেটর) সাব্বির হোসেন শাওন। এ সময় তিনি প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা করে আদায় করেন।
গত ২৪ জুন কলেজের অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হলেও ওই ১০ শিক্ষার্থীকে জানানো হয়, দেরিতে ফরম পূরণ করায় তাদের প্রবেশপত্র পেতে কিছুটা সময় লাগবে। এরপর বুধবার (১ জুলাই) বিকেল পর্যন্ত কলেজে অপেক্ষা করেও তারা প্রবেশপত্র পাননি। ফলে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড না থাকায় তারা পরীক্ষায় অংশ নিতে পারেননি।
শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার থেকেই অভিযুক্ত কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
এ বিষয়ে মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ‘বিষয়টি দুঃখজনক। ঘটনার তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
এফপি/র