Dhaka, Sunday | 21 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 21 June 2026 | English
বিশ্ব বাবা দিবস আজ
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর
শিরোনাম:

ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

প্রকাশ: রবিবার, ২১ জুন, ২০২৬, ৯:৪০ এএম  (ভিজিটর : ৮)

ফিফা বিশ্বকাপের গ্রুপপর্বে সুইডেনকে ৫–১ গোলে বিধ্বস্ত করে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস। এই জয়ে বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়ে ব্রাজিলকে ছাড়িয়ে গেছে ডাচরা।

একই সঙ্গে ‘এফ’ গ্রুপে শীর্ষস্থান আরও মজবুত করে নকআউট পর্বের পথে বড় এক ধাপ এগিয়ে গেল রোনাল্ড কোমানের দল।

বিশ্বকাপে ১৯৫৮ থেকে ১৯৬৬ পর্যন্ত টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল পেলের ব্রাজিল। নেদারল্যান্ডস বিশ্বকাপে সর্বশেষ হেরেছে ২০১০ আসরের ফাইনালে। এরপর ২০১৪ ও ২০২২ আসরে অংশ নিয়ে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস।

‘এফ’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ডাচরা। সুইডেনের বিপক্ষে জয়ে বিশ্বকাপে নকআউট পর্বে ওঠার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে কোমানের দল। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সুইডেন। তৃতীয় স্থানে থাকা জাপানের সংগ্রহ ১ ম্যাচে ১ পয়েন্ট। অন্যদিকে সুইডেনের কাছে ৫-১ গোলে হারা তিউনিসিয়া কোনো পয়েন্ট না পেয়ে রয়েছে তলানিতে।

হিউস্টনে বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) রাত ১১টায় শুরু হয় নেদারল্যান্ডস–সুইডেন ম্যাচ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা নেদারল্যান্ডসের হয়ে মাত্র ১৭ মিনিটের মধ্যে জোড়া গোল করেন ব্রায়ান ব্রবি।

ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। কোডি গাকপোর দারুণ এক পাসে পা ছুঁইয়ে গোল করেন ব্রবি।

১৭ মিনিটে আবারও গোল করে ব্যবধান বাড়ান তিনি। ডান দিক থেকে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো বল জালে পাঠিয়ে ডাচ জাতীয় দলের জার্সিতে নিজের তৃতীয় গোলের দেখা পান এই সান্ডারল্যান্ড ফরোয়ার্ড।

বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে নেদারল্যান্ডস। ৪৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের সহায়তায় চমৎকার ফিনিশিংয়ে দলের তৃতীয় গোল করেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো। এরপর ৫৪ মিনিটে দুর্দান্ত এক শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তিনি।

৫৯ মিনিটে প্রতি-আক্রমণ থেকে সুইডেনের হয়ে ব্যবধান কমান অ্যান্থনি এলাঙ্গা। তবে ম্যাচের শেষদিকে আরেকটি গোল যোগ করে জয়কে আরও বড় করে নেদারল্যান্ডস। ৮৭ মিনিটে দারুণ ফিনিশিংয়ে ডাচদের পঞ্চম গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল।

৫–১ গোলের এই বড় জয়ে শুধু তিন পয়েন্টই নয়, বিশ্বকাপের ইতিহাসেও নতুন এক অধ্যায় লিখল নেদারল্যান্ডস। ব্রাজিলকে পেছনে ফেলে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখন এককভাবে ডাচদের দখলে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝