সিলেটে পুলিশের ধাওয়া করা ‘ছিনতাইকারী-মাদকসেবী’কে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে র্যাবের এক সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) দুপুরের দিকে নগরীর ক্বীনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।
নিহত কনস্টেবল ইমন আচার্য র্যাব-৯ এ কর্মরত ছিলেন।
এই ঘটনায় ‘ছিনতাইকারী’ আসাদুল আলম বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ছিনতাই ও মাদকের একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘দুপুরের দিকে কোতোয়ালি থানার টহল পুলিশের সদস্যরা ক্বীনব্রিজ এলাকায় কয়েকজন ছিনতাইকারী ও মাদকসেবীকে ধাওয়া দেয়।
এ সময় তারা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্য ইমন একজনকে ধরে ফেলেন। তখন ওই মাকদসেবী র্যাব সদস্যকে ছুরিকাঘাত করে।’ ঘটনাস্থল থেকে ইমনকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম আরো জানান, ‘ইমন তখন সিভিল ড্রেসে ছিলেন। র্যাব সদস্যরা অনেক সময় সিভিল ড্রেসে ডিউটি করেন।’
সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘ধাওয়া করে ধরার পরই ছিনতাইকারী ছুরি দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করে। ওসমানী হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।’
মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
এফপি/জেএস