কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর মোহাম্মদ শামীম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুতুবদিয়া চ্যানেল এর মগনামা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শামীম ভোলার বাসিন্দা। প্রায় এক বছর আগে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মগলাল পাড়ার বাসিন্দা শাহ আলমের মেয়ে করিমা বেগমকে বিয়ে করেন তিনি। শামীম ও তার স্ত্রী দুজনেই চট্টগ্রামে পোশাকশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে শামীম প্রথমবারের মতো স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি কুতুবদিয়ায় যাওয়ার উদ্দেশ্যে মগনামা ঘাট থেকে নৌযানে ওঠেন। মগনামা থেকে দরবার ঘাট হয়ে কুতুবদিয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় মগনামা ঘাট এলাকায় ডেনিস বোটে উঠতে গিয়ে তিনি পা পিছলে কুতুবদিয়া চ্যানেলে পড়ে যান।
ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে উদ্ধারকারী দলও তৎপরতা শুরু করে। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও শনিবার তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে রোববার সকাল সাড়ে ৮টার দিকে ডুবুরি দল অভিযান চালিয়ে কুতুবদিয়া চ্যানেল থেকে শামীমের মরদেহ উদ্ধার করে।
স্বজনদের কাছে খবর পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের সদস্য ও স্থানীয়রা শোকাহত।
এফপি/অ