কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সাজিম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) বেলা ১১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর কাটুমোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম। নিহত সাজিম কাতলামারি গ্রামের আতাউলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদরপুর ইউনিয়নের কাটুমোড় নামক স্থানে মোটরসাইকেলযোগে সড়কে ওঠার সময় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় সাজিম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এফপি/অ