Dhaka, Saturday | 25 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 25 April 2026 | English
বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস
‘জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে জামায়াতের সমাবেশ আজ
শিরোনাম:

বগুড়া ও শেরপুরে নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির সর্বাত্মক প্রস্তুতি

প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৪:৩৯ পিএম  (ভিজিটর : ৬৬)

আসন্ন বগুড়া-৬ (সদর) উপনির্বাচন ও শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতি) আসনের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার সমন্বয়ে বাহিনীকে একটি সমন্বিত ও জবাবদিহিমূলক কাঠামোয় সাজানো হয়েছে। এ উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতি উপজেলা স্টেডিয়ামে আয়োজিত প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সমাবেশে শেরপুর-৩ আসনের ১২৮টি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সদস্য-সদস্যাগণ অংশগ্রহণ করেন। একই সময়ে অত্যাধুনিক জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বগুড়া জেলার সমাবেশের সঙ্গে সরাসরি সংযুক্তি স্থাপন করা হয়, যা সার্বিক কার্যক্রমে সমন্বয়, তদারকি ও প্রযুক্তিগত সক্ষমতার নতুন মাত্রা যোগ করে।

আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য এ নির্বাচনসমূহে শেরপুর-৩ আসনের ১২৮টি ভোটকেন্দ্রে ১,৭০৪ জন এবং বগুড়া সদর উপজেলার ১৫০টি ভোটকেন্দ্রে ১,৯৯০ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা দায়িত্ব পালন করবেন। দুই আসনের মোট ২৭৮টি ভোটকেন্দ্রে সর্বমোট ৩,৬৯৪ জন সদস্য নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে একজন অস্ত্রধারী আনসার সদস্য প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা নিশ্চিত করবেন।

নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও গতিশীল করতে প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্য থেকে ২ জন ‘নির্বাচনী সুরক্ষা অ্যাপ’-এর এন্ড ইউজার হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দুই আসনে ৪টি করে মোট ৮টি স্ট্রাইকিং টিম গঠন করা হয়েছে, যেখানে প্রতিটি টিমে ১০ জন করে মোট ৮০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য টহল টিম হিসেবে নিয়োজিত থাকবেন এবং একইসঙ্গে অ্যাপের রেসপন্ডার হিসেবে তাৎক্ষণিক সাড়া প্রদান করবেন।

সমাবেশে মহাপরিচালক তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, নির্বাচন ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বাহিনী প্রথমবারের মতো প্রযুক্তিনির্ভর মোতায়েন পদ্ধতি বাস্তবায়ন করছে। AVMIS সফটওয়্যারের মাধ্যমে নিবন্ধিত প্রশিক্ষিত সদস্যদের মধ্য থেকে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন করা হয়েছে, যা সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ।

তিনি আরও উল্লেখ করেন, সদস্যদের ভাতা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে STDMS সফটওয়্যারের মাধ্যমে ব্যাংক হিসাব যাচাইপূর্বক সরাসরি ভাতা প্রদান করা হবে, ফলে আর্থিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে।

সদস্যদের উদ্দেশ্যে মহাপরিচালক বলেন, “একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের জনগণের প্রতি অর্পিত একটি গুরুত্বপূর্ণ আমানত। এই দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা খেয়ানত বরদাশত করা হবে না। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অটুট রাখতে হবে।”

তিনি আরও বলেন, নির্বাচন দায়িত্ব পালনের পাশাপাশি সদস্যদের জীবনমান উন্নয়নেও বাহিনী সমান গুরুত্ব প্রদান করছে। এ লক্ষ্যে উপজেলা পর্যায়ে ‘সঞ্জীবন’ প্রকল্পের পাইলট কার্যক্রম শুরু হয়েছে, যার মাধ্যমে কৃষি, মৎস্য ও গবাদিপশু খামারসহ বিভিন্ন খাতে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করে সদস্যদের টেকসই জীবিকা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দৃঢ়ভাবে বিশ্বাস করে, সদস্যদের সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সমন্বয়েই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব। আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ ও পেশাদার মনোভাবের মাধ্যমে বাহিনী একটি নিরাপদ ও বিশ্বাসযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝