Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১:৩৬ পিএম  (ভিজিটর : ৬৩)

যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। নিহত তিনজন সম্পর্কে বাবা, ছেলে ও নাতনি। সোমবার রাত তিনটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের আব্দুল মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) ও মাহমুদ হাসানের চার বছরের কন্যা সেহেরিশ।

দুর্ঘটনায় আহত তিনজনের অবস্থা গুরুতর। তারা হলেন নিহত মাহমুদ হাসান জাকারিয়া জনির মা মনোয়ারা বেগম (৬০), জনির স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ছেলে সামিন আলমাস (১০)। তাদের প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও পরে সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

নিহত মাহমুদ হাসান জাকারিয়া জনি মণিরামপুরে ইন্টারনেট ব্যবসা করতেন। তার প্রতিষ্ঠানের কর্মী রিয়াদ হোসেন জানান, জনি সোমবার পরিবারের সবাইকে নিয়ে প্রাইভেটকারে চুয়াডাঙ্গায় নানাবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাতে সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় জনি, তার বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত জনির মা, স্ত্রী ও ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রিয়াদ হোসেন আরও বলেন, রাতেই সব আইনি প্রক্রিয়া শেষ করে নিহত তিনজনের মরদেহ বাড়িতে নেওয়া হয়।

পুলিশ জানায়, নিহত ও আহতরা চুয়াডাঙ্গায় আত্মীয় বাড়ি থেকে প্রাইভেটকারযোগে যশোরের মণিরামপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত তিনটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট নামক স্থানে প্রাইভেট কারটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। প্রাইভেটকারের চালক ঘুমিয়ে পড়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝