পবিত্র রমজান, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে টানা ৩৯ দিনের ছুটি।
শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ২০২৬ সালের বর্ষপঞ্জি অনুযায়ী এই ছুটি চলবে আগামী ২৮ মার্চ (শনিবার) পর্যন্ত। নিয়মিত ক্লাস পুনরায় শুরু হবে ২৯ মার্চ (রবিবার) থেকে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কলেজগুলোতে রমজানের ছুটি শুরু হয়েছে আজ থেকে, যা গ্রীষ্মকালীন ছুটির সঙ্গে মিলিয়ে মোট ৩৯ দিনের বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদ্রাসাগুলোতে রমজানের ছুটি আগে থেকেই (১৫ ফেব্রুয়ারি) শুরু হলেও কলেজের সঙ্গে সমন্বয় করে অনেক প্রতিষ্ঠানে আজ থেকে পুরোপুরি কার্যকর হয়েছে।
এদিকে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্তরের স্কুলগুলোতে রমজানের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। হাইকোর্টের পুরো রমজান বন্ধের আদেশ আপিল বিভাগে স্থগিত থাকায় এই তারিখ বহাল রয়েছে। স্কুলের ছুটিও শেষ হবে ২৮ মার্চ এবং ক্লাস শুরু ২৯ মার্চ।
শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এই দীর্ঘ ছুটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে রমজানের ইবাদত, পরিবারের সঙ্গে সময় কাটানো ও ঈদ উদযাপনের সুযোগ পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। তবে কিছু অভিভাবক ও শিক্ষক শিক্ষার ধারাবাহিকতা ব্যাহত হওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছেন।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বলা হয়েছে, ছুটির মধ্যে কোনো পরীক্ষা, অ্যাসাইনমেন্ট বা অনলাইন ক্লাস থাকলে আলাদা নোটিশের মাধ্যমে জানাতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ছুটির সময়সূচি কঠোরভাবে মেনে চলতে হবে এবং ঈদের পর ক্লাস শুরুর দিন থেকে পূর্ণাঙ্গভাবে শিক্ষা কার্যক্রম চালু রাখতে হবে।
এফপি/অ