প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা বুধবার (১৮ ফেব্রুয়ারি) সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণসহ দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। একই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ৫৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
সকাল ১১টা ৩০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়ে দুপুর সোয়া ১২টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করবেন।
এরপর দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি সচিবালয়ের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১টায় সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন। বিকাল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, পুরো কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এফপি/অ