Dhaka, Tuesday | 21 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 April 2026 | English
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নারী প্রার্থীর নাম ঘোষণা
হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের
শিরোনাম:

ভোটারদের ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৩ পিএম  (ভিজিটর : ৪৭)

ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা দাবি, ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার হুমকি, হামলা ও মামলা থেকে নিজেদের নিরাপদ রাখার আহ্বান জানিয়ে কলস প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট টিপু অভিযোগ করে বলেন, একটি পক্ষ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা দাবি করছে। এমনকি চাঁদার চাপে একটি পরিবারে একজন মারা গেছেন বলেও ভোটাররা তার কাছে অভিযোগ করেছেন। ভোট দিতে গেলে ‘দেখে নেওয়া হবে’—এমন হুমকি দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো হচ্ছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের বাড়িঘর, দোকানপাট, ব্যবসা-বাণিজ্য নিরাপদ থাকবে কি না—এই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। একটি পক্ষ বাড়ি বাড়ি গিয়ে বলছে ভোট দিতে যেয়ো না। অথচ যারা শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানের আদর্শের কথা বলে, তাদের ভয় পাওয়ার কথা নয়। এর মানে তারা আদর্শচ্যুত হয়েছে।”

আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের প্রসঙ্গে তিনি বলেন, “ভোটের মাধ্যমেই কলস মার্কার বিজয়ের মধ্য দিয়ে সন্ত্রাসীদের পতন ঘটাতে হবে—যারা আপনাদের বাড়িঘর দখল করতে চায়।”

নির্বাচিত হলে এলাকার উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, খাল ও বড়াল নদী খননসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা হবে। এ সময় তিনি ভোটকেন্দ্র পাহারায় নিয়োজিত কর্মীদের উদ্দেশে বলেন, “অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থেকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।”

জনসভায় উপস্থিত ছিলেন সাবেক বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, সাবেক বাগাতিপাড়া পৌর মেয়র এ.কে.এম শরিফুল ইসলাম লেলিন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শ্রীযুক্ত বাবু রঞ্জিত কুমার সরকার, সাবেক দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মো. আনসার আলী সরকার, বাগাতিপাড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়ন, সাবেক ছাত্রনেতা মো. শামিম সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝