বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা (নাটোর-২) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনের পর আল্লাহ যদি তাকে বিজয়ী করেন, তবে নাটোরের মানুষের শান্তি, উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য।
তিনি বলেন, “প্রতিটি বেকার যুবক-যুবতী ও ছাত্র-ছাত্রীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গীকার। পাশাপাশি নাটোরের প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করবো। শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা ব্যবস্থা মানুষের নিরাপত্তার মূল ভিত্তি—এগুলো উন্নয়নে আমি সর্বোচ্চ গুরুত্ব দেবো।”
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রুহুল আমিন তালুকদার টগর, সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদলের সভাপতি এ. হাই তালুকদার ডালিমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এফপি/জেএস