নওগাঁর নওগাঁ-৪ (মান্দা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ নবনির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দেখতে চান স্থানীয় শিক্ষক নেতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য ও প্রতিক্রিয়ায় তারা এ প্রত্যাশার কথা জানান।
ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দীন সরদার বলেন, “মান্দার মানুষের প্রত্যাশা ডা. টিপুকে মন্ত্রিসভায় দেখা। বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে তিনি চিকিৎসা ব্যবস্থায় শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারবেন। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আসবে।”
রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লিখেছেন, “নবনির্বাচিত এমপি ডা. ইকরামুল বারী টিপুকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। তার সততা, দক্ষতা ও জনসম্পৃক্ততা দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।”
এ বিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার আহ্বায়ক ও মটগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সদেরুল ইসলাম বলেন, “ডা. ইকরামুল বারী টিপু শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন মানবিক চিকিৎসক। স্বাস্থ্যখাতে তার দীর্ঘ অভিজ্ঞতা দেশকে উপকৃত করবে। তাকে স্বাস্থ্যমন্ত্রী করা হলে সাধারণ মানুষ ন্যায়ভিত্তিক ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে।”
বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, নওগাঁ জেলা শাখার সভাপতি ও সাহাপুর ঢোলপুকুরিয়া এলাকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম সরোয়ার স্বপন বলেন, “ডা. টিপু একজন সৎ ও দক্ষ চিকিৎসক-নেতা। জাতীয় পর্যায়ে স্বাস্থ্যখাতে কার্যকর নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তার রয়েছে। তাকে দায়িত্ব দেওয়া হলে দেশের স্বাস্থ্যখাতে গুণগত পরিবর্তন আসবে।”
মান্দা উপজেলা শাখার উপদেষ্টা ও কালিগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমান বলেন, “মান্দা উপজেলা দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়ন এবং গ্রামীণ জনগণের জন্য সহজপ্রাপ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে তার মতো অভিজ্ঞ ব্যক্তির নেতৃত্ব প্রয়োজন। আমরা প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে আহ্বান জানাই—মান্দাবাসীর প্রত্যাশার প্রতি গুরুত্ব দিয়ে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ডা. ইকরামুল বারী টিপু। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার কারণে তিনি ব্যাপক জনসমর্থন পেয়েছেন।
এফপি/জেএস