বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর–২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতা-কর্মীদের আরও সক্রিয় হতে হবে। চলমান অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে সত্য তুলে ধরতে সংগঠিত ভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বুধবার দুপুরে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ‘ধানের শীষের ক্যাম্পেইন—কেমন নাটোর চাই’ শীর্ষক অনলাইন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সত্য প্রচারই আমাদের সাইবার যুদ্ধে বিজয়ের পথ। তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নাটোরের মানুষ দল-মত নির্বিশেষে—হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান—ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের পক্ষে দাঁড়াবে।
কর্মশালায় উপস্থিত ছিলেন ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রী, জেলা বিএনপির সদস্য ও নাটোর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক নাসিম উদ্দিন নাসিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন, শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল মিডিয়ার সদস্যসচিব মেসবাহ উদ্দিন তালুকদার অভিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এফপি/এমআই