Dhaka, Wednesday | 20 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 20 May 2026 | English
হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা
বাবরকে ফিরিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিল বাংলাদেশ
সব পুড়লেও অক্ষত কুরআনের হরফ!
৬৫,৫৯২ হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন, ১৮ বাংলাদেশির মৃত্যু
শিরোনাম:

আশুগঞ্জে ‘পাখি জসিম’ আটক, ইয়াবা, হ্যান্ডকাফ ও ওয়াকিটকি উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৬:২৫ পিএম  (ভিজিটর : ১৬৩)

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে আলোচিত মাদক কারবারি জসিম উদ্দিন ওরফে ‘পাখি জসিম’কে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ, পুলিশের হ্যান্ডকাফ ও ওয়াকিটকি সহ আটক করা হয়েছে।

সোমবার রাতে আশুগঞ্জের জাকির মার্কেট এলাকায় ‘শাহজালাল পাখির মেলা’ নামে তার দোকানে এ অভিযান চালানো হয়। সেনা ক্যাম্পের একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় জসিমের সঙ্গে থাকা এক নারী সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আটক পাখি জসিম নবীনগর উপজেলার মো. তৈয়ব মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আশুগঞ্জে পাখির দোকানের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে তিনি ‘পাখি জসিম’ নামে পরিচিত। তাকে প্রায়ই পুলিশের সোর্স হিসেবে বিভিন্ন অভিযানে অংশ নিতে দেখা যেত, যার কারণে অনেকে তাকে প্রকৃতপক্ষে পুলিশ সদস্য বলে মনে করতেন।

আটক নারী হলেন মোছা. হোসনা আক্তার (২৪), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামের মো. গোলাম হোসেনের মেয়ে।

যৌথবাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জসিম ও হোসনার কাছ থেকে ৬৬৫ পিস ইয়াবা, নগদ ১ লাখ ৩৯ হাজার ৯২৭ টাকা, তিনটি স্মার্টফোন, একটি ওয়াকিটকি ও পুলিশের একটি হ্যান্ডকাফ জব্দ করা হয়। অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের এবং জব্দকৃত আলামত আশুগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, জসিম দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। আশুগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির একাধিক সভায় তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝