রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের দিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও এনসিপির প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের কাছে মনোনয়নপত্র জমা দেন। রাষ্ট্রপতি নির্বাচনে সিইসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বও পালন করছেন।
এ সময় জোটের কেন্দ্রীয় নেতারা এবং কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
অলি আহমদের মনোনয়নে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সমর্থক হিসেবে স্বাক্ষর করেন এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।
রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ আগস্ট জাতীয় সংসদে। সংসদ সদস্যরা এ নির্বাচনে ভোট দেবেন।
এফপি/র