কুষ্টিয়ার দৌলতপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতাউর রহমান (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৩ জুন) রাত ৯ টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের প্রাগপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আতাউর রহমান উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুড়া ফুটানিপাড়া গ্রামের মৃত উজির বিশ্বাসের ছেলে। আহত ব্যক্তিরা হলেন, উপজেলার কৈপাল এলাকার শুভ হোসেন (৩৫) ও দুখিপুর এলাকার হুমায়ুন কবির (২১)। তাদের মধ্যে শুভ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত হুমায়ুন কবির দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মাঠপাড়া এলাকায় দুইটি দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির মরদেহের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
এফপি/অ