Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’

প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ৮:২১ পিএম  (ভিজিটর : ১৬৪)

উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের উদ্যোগে ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

(৩ মে) রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ভবনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রশংসা করে বলেন, কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করার মাধ্যমে যেমন তাঁদের অনুপ্রাণিত করা হয়েছে, তেমনি প্রখ্যাত শিল্পীদের নামে পুরস্কারের নামকরণ করে তাঁদের চিরস্মরণীয় করে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সমাজ ও সংস্কৃতির উন্নয়নে চারুকলার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের আধুনিক তথ্যপ্রযুক্তির প্রভাবের পাশাপাশি দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই অনুষদ থেকেই আগামী দিনে শিল্পাচার্য জয়নুল আবেদীন, এস এম সুলতান বা পটুয়া কামরুল হাসানের মতো বিশ্ববরেণ্য শিল্পী তৈরি হবে, যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম বয়ে আনবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন)। চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তপন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার। এ সময় বিভাগের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের প্রদর্শনীতে ড্রইং এন্ড পেইন্টিং, গ্রাফিক ডিজাইন ও প্রিন্টমেকিং—এই তিনটি স্ট্রিমে মোট ১৬ জন শিক্ষার্থীকে তাঁদের শ্রেষ্ঠ কাজের জন্য পুরস্কৃত করা হয়। ড্রইং এন্ড পেইন্টিং বিভাগে শিল্পাচার্য জয়নুল আবেদীন পুরস্কার পান সিনথিয়া আক্তার শান্তা এবং শিল্পী এস এম সুলতান পুরস্কার লাভ করেন অরিন সাহা। গ্রাফিক ডিজাইনে শিল্পী কামরুল হাসান ও শিল্পী কাইয়ুম চৌধুরী পুরস্কার পেয়েছেন যথাক্রমে তাশফিয়া সামিহা সুপ্তি ও হাসিব সিদ্দিকী। প্রিন্টমেকিং বিভাগে শিল্পী শফিউদ্দিন আহমেদ পুরস্কার পান জুবায়ের আহমেদ এবং শিল্পী মোহাম্মদ কিবরীয়া পুরস্কার পান ফারিয়া কবীর।

এ ছাড়াও বিভিন্ন শাখায় নিরীক্ষাধর্মী ও সম্মান পুরস্কারসহ পেন্সিল মাধ্যমে বিশেষ অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়। বর্তমানে প্রদর্শনীতে শিক্ষার্থীদের অঙ্কিত বিভিন্ন ঘরানার শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝