মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে গ্রীষ্মের খরতাপে যখন চারপাশ কিছুটা ক্লান্ত ও নির্জীব হয়ে ওঠে, ঠিক তখনই প্রকৃতির বুকে নতুন প্রাণ সঞ্চার করে ফুটে উঠেছে দৃষ্টিনন্দন ক্যাসিয়া জাভানিকা।
লাল সোনাইল নামে পরিচিত এই গাছটি যেন প্রকৃতির এক অপূর্ব উপহার—তার গোলাপী ও গাঢ় লাল রঙের ফুলে ছড়িয়ে পড়েছে এক অনন্য সৌন্দর্যের আবহ। শহরের কলেজ রোডে অবস্থিত অনলাইন পয়েন্টের সামনে দাঁড়িয়ে থাকা ক্যাসিয়া গাছটি বর্তমানে ফুলে ফুলে ভরে উঠেছে। দূর থেকেই নজর কাড়ে এর ছাতার মতো বিস্তৃত ডালপালা আর ঝরনার মতো নেমে আসা ফুলের সারি। পথচারী, শিক্ষার্থী, এমনকি পর্যটকরাও এ পথ দিয়ে যাওয়ার সময় এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ান। কেউ ছবি তোলেন, কেউবা নিঃশব্দে উপভোগ করেন প্রকৃতির এই অপূর্ব রূপলাবণ্য।
ক্যাসিয়া জাভানিকা মূলত ফ্যাবাসি (ঋধনধপবধব) পরিবারের একটি শোভাবর্ধনকারী বৃক্ষ। এর আদি নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়ায় হলেও বর্তমানে বিশ্বের বিভিন্ন উষ্ণমন্ডলীয় অঞ্চলে এটি ব্যাপকভাবে চাষ করা হয়। বাংলাদেশ, ভারত, মিয়ানমার, ইন্দোনেশিয়াসহ নানা দেশে এ গাছের দেখা মেলে। গ্রীষ্মকালই এর ফুল ফোটার প্রধান সময়, আর এ সময়টাতেই গাছটি তার পূর্ণ সৌন্দর্যে ধরা দেয়। স্থানীয়দের কাছে ‘লাল সোনাইল’ নামে পরিচিত এই গাছটির আরও কিছু প্রচলিত নাম রয়েছে-জাভা ক্যাসিয়া, পিঙ্ক শাওয়ার ট্রি, আপেল ব্লসম ট্রি কিংবা রেইনবো শাওয়ার ট্রি। নাম যাই হোক, এর রূপ যে কাউকে মুগ্ধ করার জন্য যথেষ্ট।
মাত্র কয়েক বছরের মধ্যেই গাছটি বেশ বড় হয়ে উঠেছে এবং ডালপালাগুলো চারদিকে ছড়িয়ে এক প্রাকৃতিক ছাউনি তৈরি করেছে। পুরো গাছজুড়ে এখন শুধু ফুল আর ফুল পাতার চেয়ে ফুলের আধিক্যই যেন বেশি চোখে পড়ে। হালকা বাতাসে ফুলগুলো দোল খেয়ে সৃষ্টি করে এক মনোরম দৃশ্য, যা পথচারীদের মনে এনে দেয় প্রশান্তি ও স্বস্তি।
প্রকৃতিপ্রেমীরা বলছেন, শহরের কংক্রিটের ভিড়ে এমন একটি গাছ যেন এক টুকরো স্বর্গের মতো। এটি শুধু সৌন্দর্যই ছড়াচ্ছে না, বরং মানুষকে প্রকৃতির কাছাকাছি টেনে নিচ্ছে। অনেকেই এই গাছটির নিচে দাঁড়িয়ে সময় কাটান, কেউ কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ছবি শেয়ার করে অন্যদেরও এই সৌন্দর্য উপভোগের আহ্বান জানাচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, শহরের পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন শোভাবর্ধনকারী গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি যেমন পরিবেশকে করে তোলে মনোরম, তেমনি মানুষের মানসিক প্রশান্তিতেও রাখে ইতিবাচক প্রভাব। সব মিলিয়ে, শ্রীমঙ্গলের কলেজ রোডের এই ক্যাসিয়া জাভানিকা গাছটি এখন শুধু একটি গাছ নয়-এটি হয়ে উঠেছে সৌন্দর্য, মুগ্ধতা আর প্রকৃতির এক জীবন্ত প্রতীক। গ্রীষ্মের তপ্ত দিনে এটি যেন শহরবাসীর জন্য এক টুকরো শান্তির ছায়া আর রঙিন স্বপ্নের ছোঁয়া।
এফপি/জেএস