Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
শিরোনাম:

জাককানইবিতে উৎসবমুখর পরিবেশে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:২১ পিএম  (ভিজিটর : ৯৪)

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ (বিজ্ঞান) ইউনিট এবং আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) ভর্তি পরীক্ষা।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় ‘এ’ ইউনিটে নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০ হাজার ৩৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ১৯৪ জন, অর্থাৎ উপস্থিতির হার ছিল ৭৯.১৫ শতাংশ। অন্যদিকে আর্কিটেকচার ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়েছেন ৫৯ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, নতুন কলা ভবন ও পুরাতন বিজ্ঞান ভবনের মোট ১৫৪টি কক্ষে এই পরীক্ষা গ্রহণ করা হয়।

পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। পরিদর্শন শেষে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষা দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা ও উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা নির্বিঘ্নে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে পেরেছি।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, নজরুল বিশ্ববিদ্যালয় আগামীতেও এই গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক হিসেবে বলিষ্ঠ দায়িত্ব পালন করতে প্রস্তুত। পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

পরীক্ষাকে কেন্দ্র করে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ। দশ হাজারের অধিক শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় নিয়োজিত ছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভাগ। শৃঙ্খলা বজায় রাখা এবং অসুস্থ পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করে রোভার স্কাউট ও গার্ল ইন রোভার সদস্যরা। বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠন হেল্প ডেস্ক বসিয়ে পরীক্ষার্থীদের ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র আমানত রাখা, পানি ও কলম বিতরণ এবং সিট খুঁজে পেতে সহায়তা করে। এছাড়া কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোণা,  ভালুকা ও জামালপুর জেলা স্টুডেন্ট ফোরামের সদস্যরা আগত পরীক্ষার্থীদের পথপ্রদর্শক হিসেবে কাজ করেন। পিছিয়ে ছিল না বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগও, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ, আইন ও বিচার, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরাও নিজ উদ্যোগে আগতদের তথ্য দিয়ে সহযোগিতা করেন।

পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পর্যাপ্ত বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করায় কোনো ধরনের বিঘ্ন ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়া শিক্ষার্থীদের মাঝে প্রশ্নপত্র ও সার্বিক পরিবেশ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থায় মুগ্ধতা প্রকাশ করেছেন দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকরাও।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল জিএসটি-র সমন্বিত ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-এ প্রকাশ করা হবে। মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের পছন্দমতো তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্যতাসাপেক্ষে ভর্তির আবেদন করতে পারবেন। এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগে মোট ১ হাজার ১৭৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝