পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে নারীর টানে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে বাড়ি ফিরবে মানুষ। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে লম্বা ছুটি থাকায় অনেকেই গ্রামে যাচ্ছেন। আবার আজ সোমবার (১৬ মার্চ) ঈদুল ফিতরের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। কাল থেকে টানা সাত দিনের ছুটি কাটাবেন তারা।
ঈদের লম্বা ছুটিতে বাড়ি ফাঁকা রেখে গ্রামে বা অন্যত্র যাওয়ার আগে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখা উচিত। কেননা বাড়িতে ইলেক্ট্রনিকসের পাশাপাশি থাকে নানা জিনিসপত্র। সামান্য অসতর্কতা বয়ে আনতে পারে বড় দুর্ঘটনা।
ঈদের ছুটি কাটানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পূর্বে গ্যাস সিলিন্ডার বা গ্যাসের মূল লাইন অবশ্যই বন্ধ করে যেতে হবে।
এতে কমে দুর্ঘটনার ঝুঁকি। ছুটি শেষে বাড়ি ফিরে এসে চুলা জ্বালানোর আগে কিছু সময় দরজা-জানালা খুলে রাখতে হবে। এতে ঘরে জমে থাকা গ্যাস বের হয়ে যাবে। একই সঙ্গে বাসার পানির কলগুলো ঠিকভাবে বন্ধ আছে কি না সেটিও নিশ্চিত করতে হবে।এতে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।
বৈদ্যুতিক শর্টসার্কিট বা গোলযোগ থেকে নানা সময়ই ঘটে দুর্ঘটনা। অনেকেই তাড়াহুড়ার কারণে বাসার লাইট, ফ্যান বা বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রের সুইচ অন অবস্থায় থেকে যায়। এ থেকে ঘটে দুর্ঘটনা। সেজন্য বাড়ি থেকে বের হওয়ার আগে সব সুইচ বন্ধ করে যেতে হবে।
অনেকেই ফ্রিজে খাবার, সবজিসহ নানা দ্রব্যাদি রাখেন। তবে ছুটিতে বাড়ি ছেড়ে যাওয়ার পূর্বে পচনশীল খাবারগুলো দ্রুত শেষ করা উচিত। যদি ফ্রিজে খাবার না থাকে, তাহলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রাখা যেতে পারে। বের হওয়ার আগে ফ্রিজ পরিষ্কার করে নিতে হবে, যেন ভেতরে কোনো খাবার নষ্ট হয়ে দুর্গন্ধ সৃষ্টি না করে।
অনেকেই বাড়িতে বিভিন্ন প্রাণী পালন করেন। পোষা প্রাণী থাকলে তা এই লম্বা ছুটিতে একা রেখে যাওয়া কোনোভাবেই ঠিক নয়। যদি সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব না হয় তবে পরিচিত কারো কাছে রেখে যাওয়া যেতে পারে। প্রয়োজনে পোষা প্রাণীর যত্ন নেওয়ার জন্য নির্দিষ্ট কেয়ার সেন্টারেও রাখা যাবে।
ঈদের সময় বাড়ি-ঘর ফাঁকা থাকার সুযোগ নেয় বিভিন্ন চোরচক্র। তাই চুরি এড়াতে বাসার দরজায় ভালো মানের তালা লাগানো জরুরি। এছাড়া বাসার দরজা, ছাদের দরজা, সবকিছু ঠিকভাবে বন্ধ করে দেওয়া উচিত। আলমারি, টেবিল বা দেরাজে থাকা নগদ টাকা, অলঙ্কার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ভালোভাবে লক করে রাখতে হবে।
এছাড়া রান্নাঘর, থালা-বাসন ধুয়ে পরিষ্কার করে রাখা উচিত। সিঙ্ক, কেবিনেট ও শেলফ পরিষ্কার করে রাখলে বাড়ি ফিরে এসে দুর্গন্ধের সমস্যায় পড়তে হবে না। বাড়ি ছাড়ার আগে পুরো বাড়ি পরিস্কার করে সব ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।
এফপি/অ