মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রূপসপুর ও বালুচর সংলগ্ন জোড়া পুল এলাকায় প্রবাহমান ভুরভুরিয়া খালে জমে থাকা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল–কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী এমপি।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ভুরভুরিয়া খাল কেবল একটি জলাধার নয়, এটি এলাকার কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অপরিকল্পিতভাবে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলার ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, যার কারণে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণের মতো সমস্যা সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা সমাধানে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।
এফপি/জেএস