নাটোরের সিংড়ায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানা থেকে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১ টার দিকে উপজেলার বামিহাল বাজার এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে অস্ত্র তৈরির তথ্য পেয়ে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে গ্যারেজ থেকে একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ সময় আব্দুল্লাহ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত আব্দুল্লাহ পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের বকুলের ছেলে বলে জানা গেছে।
অভিযান শেষে আটক ব্যক্তিকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও কাঁচামাল উদ্ধার করা হয়েছে। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এফপি/জেএস