বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তাকে নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে আইসিসি।
স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভা শেষে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইসিসি বোর্ডের অনুমোদনেই নতুন এই উপকমিটি গঠন করা হয়েছে, যার লক্ষ্য বিশ্বজুড়ে দ্রুত বিস্তৃত হওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিভিন্ন বিষয় তদারকি ও নীতিগত দিক-নির্দেশনা দেওয়া।
তামিমের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিটিতে রয়েছেন ক্রিকেট নামিবিয়ার রুডি ভ্যান ভুরেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের দেবজিৎ সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের রিচার্ড গোল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ।
যদিও কমিটির কার্যপরিধি, দায়িত্বের মেয়াদ কিংবা প্রথম বৈঠকের সময়সূচি এখনো প্রকাশ করেনি আইসিসি।
একই সভায় বিসিবির নবনির্বাচিত সভাপতি হিসেবে তামিম ইকবালকে আইসিসির পূর্ণ সদস্য পরিচালক হিসেবেও আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে আইসিসির নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।
এফপি/র