২০ এপ্রিল সোমবার নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও বিএনপি'র জনসভায় যোগদান করবেন তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়ি সহ জেলা জুড়ে দলের নেতাকর্মী ও বগুড়াবাসীর মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ঘরের ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে অধীর আগ্রহে রয়েছেন আপামর জনগণ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার প্রধানমন্ত্রী সকাল ৬ টায় নিজ বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হবেন। সকাল সাড়ে ১০টায় তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন এবং ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌর ভবনে নবসৃষ্ট ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন তিনি। পরে গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশে রওনা হবে। সেখানে পৌঁছে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন এবং শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেবেন। দুপুরের দিকে নশিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি ‘জিয়াবাড়ি’ পরিদর্শন করবেন। এরপর বিকাল ৪ টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
এরপর তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পুননির্মাণ কাজের উদ্বোধন করবেন।
সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হয়ে ফেরার পথে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়ায় স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করবেন এবং রাতের মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠপর্যায়ে কাজ করছে।
একই সঙ্গে জনসভা ও অন্যান্য কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীরাও প্রস্তুতি নিচ্ছেন। এদিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভাস্থল পরিদর্শন করেছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এছাড়া তিনি বিএনপির জনসভা সহ প্রধানমন্ত্রীর সকল কর্মসূচি সফল করার লক্ষ্যে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। সফর ঘিরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বগুড়া শহরের বনানী-মাটিডালি, সাতমাথা-তিনমাথা সড়ক সহ গুরুত্বপূর্ণ সড়কের ডিভাইডার এবং ডিভাইডারের গাছে রং করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়কের খানা-খন্দ রিপিয়ার করা হচ্ছে।
এফপি/জেএস