কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) সকালে রামু থানার একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টা ১০ মিনিটের দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকায় একটি ডাকাত দল জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পায় পুলিশ। পরে এসআই মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে এএসআই ছবিউল্লাহ, এএসআই মো. ইলিয়াছ, এএসআই রুপম চন্দ্র সেন, এএসআই মো. জাহেদুল ইসলাম, এএসআই মো. সৈয়দ হোছাইন ও এএসআই কোরবান আলীসহ সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান পরিচালনা করেন।
অভিযানে সকাল ৯টা ১৫ মিনিটের দিকে বড় ধলিরছড়া এলাকার বাসিন্দা আমির হোসেন ওরফে কালাবাঁশির বসতঘরের সামনের কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই ৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—আমির হোসেন (২৭), হেলাল উদ্দিন, আবুল কাশেম, মো. আলমগীর, শফিউল করিম, সুবাস ওরফে শুভ রাজ এবং শেফায়েত নুর।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি একনলা সচল বন্দুক, তাজা ও খালি এ্যামুনেশন, শটগানের কার্তুজ, কিরিচ, চকলেট বোমা, অস্ত্র তৈরির নকশা, লোহার রড, পাইপ, বিভিন্ন কাটিং ও গ্রাইন্ডিং যন্ত্র, হাতুড়ি, প্লায়ার্সসহ নানা ধরনের সরঞ্জাম।
এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এফপি/জেএস